যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের একশ‘ ১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সোনা বহনের অভিযোগে জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালি গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় জালাল উদ্দিন শেখকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন একশ‘ ১৬ দশমিক ৬৫ গ্রাম। আটক সোনার মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছে যে, সে সোনার বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উদ্ধারকৃত সোনার বারটি সরকারি ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সোনাসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে সোনাসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।