উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন দুই বছরের একটি শিশুসহ এক দম্পতি।
সোমবার রাতে শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
এ সময় উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল এবং বেনাপোল আইসিপির কোম্পানী কমান্ডার কর্মীরা উপস্থিত ছিলেন।
ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের মো. আল আমিন শেখ (২৫), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।
পুলিশ জানায়, ভালো কাজের আশায় ২০২৩ সালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সেখানে অবস্থানকালে দেশটির পুলিশ অবৈধভাবে অবস্থান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করেন।
পরে তাদেরকে ভারতের কেরালার পাঠানপুরামে গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্টে রাখা হয়। সেখানে সাজাভোগ শেষে তাদেরকে দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে ফেরত আসা ব্যক্তিদের যশোরের মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার'-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে এনজিও সংস্থাটি তাদের নিজ নিজ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।