নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিক জাকির হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সাদ্দাম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
ওসি ইমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিংয়ের ফকিরবাড়ী এলাকায় দৈনিক এদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে সাদ্দাম, সানোয়ার (২২), ইউসুফ ও আরিফুলসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে সাদ্দাম ও সানোয়ার মৃত আলাউদ্দিনের ছেলে। ইউসুফ মো. নুরুল হক বুদ্দার ছেলে এবং আরিফুল মৃত আজিজুলের ছেলে।
এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।