মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই নিহত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই নিহত

যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আশিকুজ্জামান আশিক (২৭) নামে এক চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০) আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান আশিক ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আছিরউদ্দিনের পরিবারের সঙ্গে তার ভাই আমিনউদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আমিনউদ্দিনের ছেলে নজরুল (৫০) ও ফজলুর রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) আছিরউদ্দিনের বাড়িতে গিয়ে হামলা চালান।

এ সময় হামলাকারীরা দা ও শাবল দিয়ে আশিকুজ্জামান আশিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা আছিরউদ্দিন ও ভাই আশরাফুজ্জামানও আহত হন।

পরে স্বজনরা তিনজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আশিকুজ্জামান আশিককে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও ভাই বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এসএম তৌহিদ হাসান জানান, আশিকুজ্জামান আশিককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করে পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

পরের সংবাদ

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।