নাটোরের নলডাঙ্গায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নলডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রবিন আহমেদ।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াশী বাপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, উপজেলা তথ্য আপা তাহমিনা খাতুন এবং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি।
উল্লেখ্য, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।